গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি।
রবিবার গভীররাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ সংবাদ মাধ্যমকে বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়।
“সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”
সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে তার গন্তব্য মালয়েশিয়া ছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন।
তিনি বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।”
ডিবি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম।
বিএনপি-জামায়াত সরকারের আমলে পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন সুইডেন আসলাম। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন তিনি।
নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে। ছদ্মবেশে চলাফেরা ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার জন্যও পরিচিত ছিলেন তিনি বলে সে সময় প্রচার ছিল।
আসলামের প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন, বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই থেকে তার নামের আগে ‘সুইডেন’ জুড়ে যায়।
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর একই বছরের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এ মামলায় জামিন পেয়ে ২০০৪ সালের সেপ্টেম্বরে তিনি কারামুক্ত হন।
চার মাস বাদে পরের বছরের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে সাড়ে ১৯ বছর কারাভোগ করেন আসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল, যার মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।