গাজীপুর কণ্ঠ ডেস্ক
খুলনার দৌলতপুরে মোটরসাইকেলে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সি আব্দুল হালিম নগরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে কয়েক ব্যক্তি এসে হালিমকে লক্ষ্য করে চারটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। দুটি গুলি হালিমের মাথায়, একটি বুকে এবং আরেকটি চোখের কোনায় লাগে।
গুলিবিদ্ধ হালিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় সংবাদ মাধ্যমকে বলেন, হালিম কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তার ঘেরের ব্যবসাও ছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, কারা কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে। লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে হালিমকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত না।
এদিকে বেলা ৩টার চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরের মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনা ঘটে। এ ছাড়া নগরের লবণচরা, সদর থানা ও আড়ংঘাটা এলাকায় গুলির ঘটনা ঘটে। একদিনে এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
খুলনা জেলা ও নগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি ও জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ড ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে। চাঁদা দাবিকে কেন্দ্র করে একাধিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বাসিন্দারা বলছেন, প্রায় প্রতিদিন খুন, হত্যাচেষ্টা আর গোলাগুলির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক; চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অস্ত্র উদ্ধার ও অভিযান চললেও অপরাধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ হয়নি।