গাজীপুরে নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পুলিশ ঘটনাস্থলের দিকে এগোতেই শ্রমিকদের একটি অংশ ইটপাটকেল ছোড়ে। এর জবাবে পুলিশ টিয়ার শেল ছোড়ে।

গাজীপুরে নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সরকার-গঠিত নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করার পরও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক খুলে দিতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। কয়েকটি কারখানার সামনেও বিক্ষোভ হয়েছে। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ ঘটনাস্থলের দিকে এগোতেই শ্রমিকদের একটি অংশ ইটপাটকেল ছোড়ে। এর জবাবে পুলিশ টিয়ার শেল ছোড়ে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। শুধু ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা তৈরি করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

বুধবার ভোরে সংবাদ সম্মেলনে নতুন কাঠামো ঘোষণা করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ঘোষণা অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রমিকেরা কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। এই দাবিতে আগের দিনগুলোতেও গাজীপুরে বিক্ষোভ হয়েছে এবং ৪৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে হয়েছিল।