গোপালগঞ্জে সহিংসতার অভিযোগে এসআরবি’র কমান্ডার আটক

গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ জন কর্মকর্তা এখন গোয়েন্দা নজরদারির আওতায়।

গোপালগঞ্জে সহিংসতার অভিযোগে এসআরবি’র কমান্ডার আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন কোম্পানি কমান্ডারকে আটক করা হয়েছে বলে পুলিশের সূত্রগুলো জানিয়েছে।

আটক ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। 

সূত্রগুলোর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এর আগে এসআরবি-১১ ও বাহিনীর সদর দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মামলা করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ জন কর্মকর্তা এখন গোয়েন্দা নজরদারির আওতায়। গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর মধ্যে রয়েছেন। সহিংসতায় উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চলছে এবং যৌথ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ মোট আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ক্যামেরার সরাসরি ভিডিওর মাধ্যমে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। গোপালগঞ্জে বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির যৌথ টহলও চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র।

সূত্রগুলোর ভাষ্য, নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের একটি অংশ বিভিন্ন এলাকায় জমায়েত হয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কয়েকটি গ্রামে গোষ্ঠীগত সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

এর মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। থানা দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়রা অভিযোগ জানাতে ও আইনি সহায়তা নিতে সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। এই সুযোগে এলাকায় চুরি, ডাকাতি ও লুটপাট বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।