গাজীপুর কণ্ঠ ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ।
নগরীর সদর হাসপাতাল মোড় ও জাদুঘর মোড় এলাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা।
এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও তার অনুসারীরা। শাহিনুর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা এবং একটি মামলার আসামি বলে দাবি করেছেন লিমন। এ ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের অপর পক্ষের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয়।
লিমনের অভিযোগ, শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় অপর পক্ষের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাকেও ছাত্রলীগের সহযোগী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এর জের ধরে বাসায় ফেরার পথে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সদর হাসপাতাল মোড়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের অনুসারীরা তাদের ওপর হামলা চালান।
ফেসবুক লাইভে লিমন অভিযোগ করেন, মান্নাতের নেতৃত্বে পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহযোগিতা ছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, হামলাকারীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ককটেল ব্যবহার করেন।
লিমন আরও অভিযোগ করেন, শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় মান্নাতের এক চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন। হামলার সময় মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের একটি সূত্রের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করেন। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, যারা দিনরাত ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তারা কার কাছে প্রতিকার চাইবেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারী ও নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ঘটনার প্রতিকার চেয়েছেন বলে জানান লিমন। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।