ভারতে দু’জনের শরীরে মিলল করোনা ভাইরাস, রাখা হল পর্যবেক্ষণে

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে গেছে নতুন করোনা ভাইরাস। ভারতে দু’জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের (Coronavirus) উপস্থিতি। তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। অন্যজন তেলেঙ্গানার বাসিন্দা।

সোমবার সরকারের তরফে একথা জানানো হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সোমবারের দু’জনকে নিয়ে এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ। ভারতে প্রথম করোনা ভাইরাসের দেখা মিলেছিল কেরলে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দিল্লির আক্রান্ত ব্যক্তি এর আগে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন দুবাইয়ে।

সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে চিনে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। গত বছরের ডিসেম্বরে চিনে প্রথম দেখা মিলেছিল এই প্রাণঘাতী ভাইরাসের। তারপর থেকে ৬০টি দেশের ৮৮,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

এর আগে কেরলে তিন পড়ুয়ার শরীরে মিলেছিল করোনা ভাইরাস। তবে তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন। পরে তাঁদের পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁদের শরীরে আর করোনা ভাইরাসের অস্তিত্ব নেই।

চিন থেকে আগত ভারতীয়দের কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরে কয়েক জনকে ছেড়েও দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button