শ্রীপুরে ‘লবলং খাল’ দখল-দূষণ এবং ইটিপি ব্যতীত কারখানা পরিচালনা: ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ‘লবলং খাল’ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও খালের পানি দূষণ এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যতীত কারখানা পরিচালনার দায়ে পৃথক দু’টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

gazipurkontho

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, শ্রীপুরের বেরাইদের চালা এলাকায় ’লবলং খাল’ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং খালের পানি দূষণের দায়ে ডিগনিটি ইন্ডাস্ট্রিজ নামক একটি ডাইং ফ্যাক্টরি কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ৩ মাসের মধ্যে খালের উপর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যতীত কারখানা পরিচালনার দায়ে ইন্টিগ্রেটেড লি: নামক একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনের ৬(গ) ও ৬(ঙ) ধারায় অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি।