গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ভেঙ্গে নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে এ উপজেলা। আর নতুন এই উপজেলাটি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজুর নামে ‘রাজুনগর’ নামকরণের জন্য প্রস্তাব করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর (রবিবার) বিকালে এ বিষয়ে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে চরাঞ্চল উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সেখানেই এসব তথ্য জানান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুস সাদেক। শিগগিরই এই উপজেলাটি বাস্তবায়ন হবে বলেও এসময় জানান তিনি।
আলোচনা সভায় চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি মো. বেলাল আহম্মেদ, সদস্য সচিব মো. রিয়াজ মোর্শেদ খান রাসেল, আওয়ামী লীগ নেতা আহসান সিকদার, মো. ইমন হোসেন বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সভায় চরাঞ্চলের ছয় ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও অংশ নেন।