গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোনও প্রকার আগাম নোটিশ ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এমন সংবাদে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকেই অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের বাজার। এমন পরিস্থিতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কালীগঞ্জ ও কাপাসিয়ার বিভিন্ন বাজারে দিনব্যাপি অভিযান পরিচালনা করেছে প্রসাশন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ ও কাপাসিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রসাশন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা বলেন, ‘অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেয়ে কাপাসিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় সোমবার যে পেঁয়াজে প্রতি কেজি ৪৩ টাকা মূল্যে বিক্রি করতো, আজ সেই পেঁয়াজের দাম বৃদ্ধি করে প্রতি কেজি ৬০ থেকে ৮৫ টাকা দামে বিক্রি করছে। সে সময় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ আইন অনুযায়ী কাপাসিয়া বাজারের ৬ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে’।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, ‘কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ আইন অনুযায়ী ২ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা পেঁয়াজের দাম বৃদ্ধি করে প্রতি কেজি ৬৫ থেকে ৯০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছিল’।
তিনি আরো বলেন, ‘কোনও ব্যবসায়ী যদি অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের আইনের আওতায় আনা হবে। কিছু অসৎ ব্যবসায়ী সব সময় সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে। তাদের এই সুযোগ দেওয়া হবে না’।
‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি’।