ফরিদপুর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, ‘মামলা’ হবে এমপি নিক্সনের বিরুদ্ধে: সিইসি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানিয়েছেন, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে আজ কিংবা আগামীকালের মধ্যে মামলা করা হবে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে মামলার এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি।

নুরুল হুদা বলেন, ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এমপি নিক্সন সাহেবের বিরুদ্ধে মামলা করব। হয়তো আজ বা কালকের মধ্যে থানায় মামলা রজু হয়ে যাবে। নির্বাচন বিধিবহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে আলামত আছে যথেষ্ট, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যে রকম পাবে, সে রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে।

অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।