টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুরের ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে বাসের যাত্রী ও পথচারী রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোজাফফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে।
পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।



