ভাস্কর্যগাঁথা: পাকিস্তানেও অনেক ভাস্কর্য আছে, নেই কোন বিতর্ক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া৷ ভাস্কর্য ইস্যুতে সেখানেও বিতর্ক হয়। কিন্তু প্রকৃত পরিস্থিতি কী? তিন দেশের তিন সাংবাদিক লিখেছেন সেসব কথা।

পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ইন্দোনেশিয়া। প্রায় ২৬ কোটি জনগণের ৯০ শতাংশই মুসলিম। প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে এই রাষ্ট্রের ইতিহাস, মানুষ ও সংস্কৃতি বৈচিত্র্যময়। মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে যুক্ত করেছে আফগানিস্তান। সেখানকার ৯৯.৫% মানুষ মুসলিম। দেশটিতে কট্টরপন্থি তালেবানের অস্তিত্ব সেখানকার জীবনযাত্রা অনেক বদলে দিয়েছে। হামলা, বোমাবাজি, মৃত্যু এসব সেখানকার নিত্যদিনের খবর। দেশটিতে শান্তি স্থাপনের একটি প্রক্রিয়া চলমান। পাকিস্তান দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দেশ। এটি একটি ইসলামিক রাষ্ট্র। ২১ কোটি জনসংখ্যার ৯৫-৯৮ ভাগ মুসলিম।

এই তিনটি দেশেই গণতন্ত্র চালু আছে। সেখানে ইসলামভিত্তিক রাজনৈতিক দল আছে। কোথাও তাদের প্রভাব বেশি, কোথাও কম। ভাস্কর্য ইস্যুতে এসব দেশেও বিতর্ক হয়েছে ও হচ্ছে। কিন্তু কেমন সে বিতর্ক? বাংলাদেশে এখন যা চলছে, তার সঙ্গে এর মিল আছে? এসব কথা বলেছেন এই তিন দেশের তিন সাংবাদিক।

‘রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লোটাই উদ্দেশ্য’

রিজকি নুগ্রাহা, ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় অনেক ভাস্কর্য আছে। সেগুলোকে প্রধানত দু’টি ভাগে ভাগ করা যায়। একভাগে রয়েছে জাতীয় বীরদের বা গৌরব প্রকাশ করে এমন ভাস্কর্য, এবং অন্যভাগে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ করে এমন৷ ধর্মীয় স্থাপনা ও মূর্তি তো আছেই। প্রাগৈতিহাসিক আমলের পেগ্যান ধর্মের মূর্তিও আছে।

তবে এখানে ভাস্কর্য বা মূর্তির বিরোধিতাও আছে। কট্টর ইসলামপন্থিরা এর বিরোধিতা করে থাকেন। সাধারণভাবে দুই শ্রেণিকে এরা শত্রু বলে জ্ঞান করেন। এক, সরকার বা সরকারি দল, যারা তাদের কট্টরপন্থার সঙ্গে সুর মেলান না, এবং দুই, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক গোষ্ঠী।

এই দুই পক্ষ সবসময়ই একে অপরের বিপক্ষে মাঠে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা দেখান। যেমন, বোর্নিও দ্বীপের কথাই ধরুন। সেখানে কট্টরপন্থি মুসলিমরা মূর্তি ও ভাস্কর্যবিরোধী চাপ তৈরি করলেও সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীদের প্রতিবাদের মুখে সুবিধা করতে পারেননি।

কিন্তু আচেহ ও পশ্চিম সুমাত্রায় কট্টরপন্থিদের প্রভাব অনেক। সেখানকার মানুষও অনেক রক্ষণশীল। তাই সেখানে তাদের রাজনৈতিক সুবিধা তৈরি করতে ভাস্কর্য বা মূর্তি বিরোধিতার গুটি খেলতে হয় না। তারপরও সেসব এলাকায় বৌদ্ধমন্দির আছে। আর মিলিটারিরা প্রাণিমূর্তি তৈরি করে থাকেন। বিশেষ করে বাঘের মূর্তি, যাতে তাদের গৌরব প্রকাশ করতে পারেন।

তো বিরোধ মূলত ধর্মীয় ন্যারেটিভের সঙ্গে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক ন্যারেটিভের। উদারপন্থি মুসলিমরা ভাস্কর্যকে দেখেন দেশের গৌরব, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে। এখন এই দুই পক্ষের মধ্যে অবশ্যই উদারপন্থিদের পাল্লা ভারি। এদের অনেকেই বর্তমান জোকো উইদোদো সরকারের উদারপন্থি মনোভাবের সমর্থক। এরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয়। কট্টরপন্থিদের চাপিয়ে দিতে চাওয়া মনোভাবের সমালোচনা সেখানেই বেশি করেন এরা।

কিন্তু এই দুই পক্ষের বাইরে রয়েছে ইন্দোনেশিয়ার সাধারণ মুসলিমরা। এদের দুই পক্ষের যে যাই বোঝান, তারা তখন তাই বোঝেন। ধর্মের যুক্তিও মানেন৷ আবার জাতীয় ইতিহাস, ঐতিহ্যও সংস্কৃতিকেও ভালবাসেন। তাই এদের কাছে কে পৌঁছাচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ।

আরেকটি দিক হলো, যখনই স্থানীয় বা জাতীয় পর্যায়ে নির্বাচন ঘনিয়ে আসে, বা তখনই কট্টরপন্থি মুসলিমরা সোচ্চার হয়ে ওঠেন এসব ইস্যু নিয়ে। এদের রাজনৈতিক দলগুলো ব্যবহার করে। আর এরাও আর্থিক ও রাজনৈতিক ফায়দা লুটে। তাই ধর্মের কথা বলে এই যে বিরোধিতা, তা আসলে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে, আর কিছু নয়।

‘বুদ্ধমূর্তি ভেঙে ভুল স্বীকার করেছেন তালেবান নেতা’

খালিদ হাকিমি, আফগানিস্তান

আফগানিস্তানের অল্প কিছু শিখ বাদে বাকি প্রায় সবাই মুসলিম। এই দেশটির সংস্কৃতি ও সাহিত্য দক্ষিণ এশিয়ার সঙ্গে কিছু যেমন মিল আছে, তেমনি পারস্য ও মধ্য এশিয়ার সঙ্গেও আছে। কিন্তু একটি বিষয় স্বতন্ত্র। তা হল এখানে ভাস্কর্য বা মূর্তিকে দেখা হয় বিদেশি ধর্মের প্রতীক হিসেবে। ইসলাম এখানে আসার পর থেকেই এই ব্যবস্থা।

একটা সময় সিল্ক রুটের অংশ ছিল আফগানিস্তান। ইরান ও ইউরোপে পণ্য যেত। সে সময় অনেক বৌদ্ধ মূর্তি স্থাপিত হয়েছি।। সবচেয়ে বড় মূর্তিটি সেন্ট্রাল আফগানিস্তানের বামিয়ান উপত্যকায় পাহাড়ের গা কেঁটে তৈরি করা হয়েছিল। প্রায় ১৮০ ফুট উঁচু এই বুদ্ধমূর্তিটি তৈরি করা হয় ৬১৮ খ্রিস্টাব্দে। এর পূর্ব দিকে আরেকটি বুদ্ধমূর্তি তৈরি করা হয় ৫৭০ খ্রিষ্টাব্দে। এর উচ্চতা ছিল ১২৫ ফুট৷ তৎকালীন গান্ধারা অঞ্চলের এই শিল্পকর্মগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয়।

এই শিল্পকর্মগুলোকে ২০০১ সালে মোল্লা মোহাম্মদ ওমরের তালেবান সরকার মূর্তি বলে ঘোষণা করে। এরপর এগুলোকে ধ্বংস করা হয়। কিন্তু তাদের এই কর্মকাণ্ড স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়। এমনকি পরবর্তীতে তালেবান নেতা মোতাসিম আঘা জান এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে, তারা কাজটি ভুল করেছেন। জোশের বশে তখন কাজটি করা হয়েছিল।

আগেই বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সাযুজ্য আছে। কিন্তু ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তানসহ অনেক দেশে ঐতিহাসিক ভাস্কর্য দেখা গেলেও তা আফগানিস্তানে দেখাই যায় না বলতে গেলে। তবে এখানে সংখ্যালঘু শিখ সম্প্রদায় বাস করেন। বর্তমান সরকার তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তাদের স্থানীয় ও প্রাদেশিক সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীতে নেয়া হয়েছে। কাবুলে তাদের গুরুদুয়ারাও আছে। আফগানিস্তান পুরো বিশ্বকে দেখাতে চাইছে যে, তারা সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যে বিশ্বাসী। একটা ইতিবাচক ইমেজ গড়তে চায় এই সরকার।

‘সাধারণ জনগণের কাছে ভাস্কর্য ও মূর্তির পার্থক্য পরিষ্কার’

আতিফ তৌকির, পাকিস্তান

পাকিস্তানে অনেক ভাস্কর্য আছে৷ ভাস্কর্য নিয়ে বিতর্কও আছে। তবে এর মানে এই নয় যে, তারা ভাস্কর্য দেখলেই হামলে পড়ছেন। আমরা সিরিয়া কিংবা ইরাকে যেমনটি দেখেছি, তেমনটি এখানে নেই। তবে তালেবান যে অংশে সক্রিয় সেখানে কিছু হামলা হয়েছিল, কিন্তু পাকিস্তানে সাধারণ জনগণের মাঝে ভাস্কর্য নিয়ে সমস্যা নেই।

আফগানিস্তানের বামিয়ানে যখন বুদ্ধমূর্তি ধ্বংস করা হয়, তখন পুরো পাকিস্তানে এ নিয়ে ব্যাপক বিতর্ক হয়। তখন এর সমালোচনা হয় সব পর্যায় থেকে। বলা হয়, বামিয়ানের মতো ঘটনা যেন পাকিস্তানে না ঘটে। কেউ যেন ইতিহাস ধ্বংস না করে।

এমনকি লাহোরে সম্প্রতি শিখ শাসক রনজিত সিংয়ের একটি ভাস্কর্য তৈরি করা হয়। এটি তৈরির সময়ও বিতর্ক হয়েছে। বলা হয়েছে, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র। এখানে কেন এই ‘মূর্তি?’ কিন্তু তা ধোপে টেকেনি। কারণ জাতীয়তাবোধের জায়গা থেকে মানুষ এগিয়ে এসেছেন। বলেছেন, এই ভাস্কর্য পাঞ্জাবের গৌরবের প্রতীক, প্রতিরোধের প্রতীক।

ভাস্কর্য বনাম মূর্তি এই বিতর্ক পাকিস্তানেও আছে। কিন্তু সাধারণ মানুষ কোনটিই ধ্বংসের পক্ষে নন। সংখ্যালঘুদের ওপর আক্রমণের নিন্দা যেমন করেন তারা। তেমনি ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক বা বিরোধ নেই, তাও তারা মনে করেন। রনজিত সিংয়ের ভাস্কর্য তার প্রমাণ।

কট্টরপন্থি মুসলিমরা বরাবরই ছবি, ভাস্কর্য এসবের প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু তাদের এই মতবাদ মোটেই কোন জনপ্রিয় ধারণা নয় পাকিস্তানে। এখানে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। তাদের মন্দিরে ভাঙচুর করা হয়েছে। তাদের ওপর অত্যাচার করা হয়েছে। কিন্তু ভাস্কর্য ‘হারাম’ এই যুক্তিতে কেউ সাংস্কৃতিক বা ঐতিহাসিক ভাস্কর্য ভাঙতে যায়নি কেউ।

করাচি, লাহোরসহ বড় বড় শহরগুলোতে নানা ধরনের ভাস্কর্য আছে। হয়ত মানুষের ভাস্কর্যের সংখ্যা তুলনামূলক হিসেবে খুব বেশি নয়। এখানে মানুষের ভাস্কর্য তৈরির যে ‘ট্রেন্ড’ বা ‘ফ্যাশন’ তা হয়ত নেই। কিন্তু তার মানে এই নয় যে, এটি এখানে চলে না। তাই ভাস্কর্যের বিষয়টি পাকিস্তানের জনগণের কাছে একেবারেই পরিষ্কার।

 

সূত্র: ডয়চে ভেলে