গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনার ভ্যাকসিন নেয়ার ১ মাস ২২ দিন পর বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে।
রোববার (৪ এপ্রিল) সকালে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি’র করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি (রোববার) সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুর হলে প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে করোনার ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ”সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির করোনার কোনও উপসর্গ ছিল না। ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে তাঁর করোনা পজেটিভের রিপোর্ট আসে। এরপর থেকে তিনি ঢাকায় তাঁর বাসয় আইসোলেশনে রয়েছেন। সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ”গত ৭ ফেব্রুয়ারি (রোববার) সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির প্রথম দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।”
তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত কালীগঞ্জে ৪ হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৬৩১ জন এবং সুস্থ হয়েছেন ৫৭৫ জন। কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জনের।”
”এছাড়াও কালীগঞ্জে এ পর্যন্ত মোট ১০ হাজার ২০০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে বলেও জানান তিনি।”