গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার ‘লকডাউন’ বা চলাচলে বিধিনিষেধ দিলেও দ্বিতীয় দিনের মাথায় এসে ঘোষণা করেছে যে বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে গণপরিবহন চলবে।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চলাচলের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
তবে এসময় পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এছাড়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রিফিং-এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তবে পরিবহন চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।
‘লকডাউনের’ সময় অফিসের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গণ-পরিবহন চালানোর অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, সীমিত আকারে যেসব সিটি করপোরেশনে বাস চলাচল করবে, সেগুলো হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার নগর পরিবহনের সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ঢাকা জেলার বিভিন্ন উপজেলা সম্পৃক্ত। ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বাস-মিনিবাস চলাচলের অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে রাজধানীর গণপরিবহন প্রায় স্বাভাবিকভাবেই চলবে।
এর আগে গত ৩০শে মার্চ দেশে করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।
সোমবার থেকে লকডাউন শুরুর পর একমাত্র গণপরিবহন ছাড়া অন্য সব ধরণের বাহন রাস্তায় চলাচল করছিল। তবে এখনো ট্রেন এবং অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে।