গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মসজিদের ইমাম ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুর পৌণে ২টার দিকে কালীগঞ্জ-জাঙ্গালিয়া সড়কের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মোটরসাইকেলের চালক সোহেল চৌধুরী (৩০) এবং পথচারী শ্রমিক নূর ইসলাম (৩৫)।
নিহত চালক সোহেল চৌধুরী কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের মৃত আশু নেওয়াজের ছেলে। সে বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম।
নিহত শ্রমিক নূর ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য রিপন কাজী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শ্রমিক নূর ইসলাম স্থানীয় বিল থেকে ধান কেটে বোঝা নিয়ে কৃষকের বাড়ি ফিরছিলেন। সে সময় পৈলানপুর বটতলা এলাকায় পৌঁছালে কালীগঞ্জগামী সোহেলের মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় নূর ইসলাম এবং মোটরসাইকেল চালক সোহেল সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা নেয়ার পথে সোহেলেরও মৃত্যু হয়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য রিপন কাজী জানান, ”নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।”
কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান বলেন, ”পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”