গাজীপুরে ‘কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের বানিয়ারচালা এলাকায় পরিবেশ দূষণের দায়ে ‘কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসন।

রোববার (৩০ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালনা করে এ নির্দেশ দেওয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় রোববার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পরিবেশ দূষণ বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ দূষণের দায়ে কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানা। এছাড়াও যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।