কালীগঞ্জে মায়ের শাড়িতে আম গাছে ফাঁস দিয়ে ‘গেমসে আসক্ত’ ছেলের আত্মহত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মায়ের শাড়িতে আম গাছে ফাঁস দিয়ে মোবাইল গেমসে আসক্ত ওহিদুল ইসলাম (২০) নামে তরুণ আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, ‘মোবাইল গেমসে আসক্ত হয়ে অজানা কোন হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।’

রোববার (২৯ আগস্ট) ভোরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ মাঝিপাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

নিহত ওহিদুল ইসলাম দক্ষিণবাগ মাঝিপাড়া এলাকার আব্দুল রশিদের ছেলে। সে পার্শ্ববর্তী পশাল উপজেলার জনতা জুট মিলে শ্রমিকের কাজ করতো।

মায়ের শাড়িতে আম গাছে ঝুলন্ত অবস্থা ওহিদুল ইসলাম।

নিহত ওহিদুলের ভাই শিমুল মিয়া বলেন, ওহিদুল শান্ত ও নিশ্চুপ স্বভাবের ছিল। সম্প্রতি সে জনতা জুট মিলে শ্রমিকের কাজ নেয়। মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরে বেশিরভাগ সময় মোবাইলে গেমস খেলতো। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে আটটার সময় আমরা সকলে এক সঙ্গে বসে রাতের খাবার খাই। কিন্তু ওহিদুল খাবার না খেয়ে মায়ের সঙ্গে শুয়ে ছিল। ভোররাতে মা ঘুম থেকে উঠে ওহিদুলকে ঘরে দেখতে পায়নি। পরে ফজরের নামাজ শেষ করে মা ওহিদুলকে খুঁজতে বের হয়ে বাড়ির পাশে থাকা একটি আম গাছের ঢালের সাথে মায়ের শাড়ি কাপড় দিয়ে তাকে ঝুলে থাকতে দেখে। পরে থানায় খবর দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বারান্দায় থাকা মায়ের কাপড় দিয়ে ওহিদুল আত্মহত্যা করেছে। গত দুই সপ্তাহ যাবৎ সে কাজে যায় না। সে বাড়িতে বসেই বেশিরভাগ সময় মোবাইলে গেমস খেলতো। ধারণা করা হচ্ছে, গেমসে আসক্ত হয়ে অজানা কোন হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।

বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পনির মিয়া ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে তার বাড়ির পাশে থাকা একটি আম গাছের ঢালে শাড়ি কাপড় দিয়ে ওহিদুলকে ঝুলে থাকতে দেখে তার মা। পরে থানায় খবর দেয়া হয়েছে। এখনো তার লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। হঠাৎ কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। কারো সঙ্গে তার বিরোধ বা মনোমালিন্য ছিল বলেও জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বেলা ১০টার দিকে বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button