ব্রিটেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সরকার বাংলাদেশে দেওয়া করোনাভাইরাসের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে। ফলে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া কোনো যাত্রীকে আর দশদিন কোয়ারেন্টিনে থাকতে হবে না।

লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ ৩৭টি দেশের করোনার টিকা সনদকে বৈধ করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন টিকা নেওয়া সনদই গ্রহণ করবে৷ প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, “এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাই কমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল।”

তবে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ নেওয়ার দরকার না হলেও ইংল্যান্ডে পৌঁছার পর করোনা টেস্ট করাতে হবে তাদের।

প্রত্যেক যাত্রীর বাংলাদেশের অনুমোদিত টিকার সনদ সাথে রাখা জরুরি।

 

সূত্র: ডয়চে ভেলে