প্রবাসীর স্ত্রীর পরকীয়া: শাশুড়ি-পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলের সৌদি প্রবাসীর বাড়ি থেকে শাশুড়ি, পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এসময় ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় শাফি (৪) নামের একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত তিনজন হলেন- ওই এলাকার মৃত হযরত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার সৌদি প্রবাসী পুত্র জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও সুমির পরকীয়া প্রেমিক শাহজালাল (২৯)। শাহজালালের বাড়ি কালিহাতি উপজেলার শাকুটিয়া এলাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পরকীয়া প্রেমিক শাহজালাল শাশুড়ি ও পুত্রবধূকে হত্যার পর নিজে আত্মহতা করেছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, খামারপাড়া গ্রামের যুবক জয়েনউদ্দিন দীর্ঘ এক যুগ ধরে সৌদি আরবে থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। এই সুযোগে তার স্ত্রী সুমি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। কয়েক মাস আগেও সুমি পরকীয়া এক প্রেমিকের হাত ধরে চলে গিয়েছিলেন। পরে বাড়ির স্বজনরা তাকে ফিরিয়ে আনেন। গত শুক্রবার রাতে শাহজালাল নামে আরেক যুবক সুমির ঘরে প্রবেশ করে। সকালে ওই ঘর থেকে শাশুড়ি জমেলা বেগম, পুত্রবধূ সুমি ও শাহজালালের লাশ উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় সুমির শিশুপুত্র শাফিকে উদ্ধার করে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মাথায় গুরুতর জখম রয়েছে। শাশুড়ি ও পুত্রবধূর মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাশুড়ি তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটিয়ে নিজে আত্মহত্যা করেছে।

দিঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে (৪) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button