ভারতে দাম কমল পেট্রল, ডিজেলের
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক লিটারপ্রতি যথাক্রমে ৫ ও ১০ টাকা কমানোয় জ্বালানির দামের ঊর্ধ্বগতিতে হাঁসফাস করতে থাকা দেশটির নাগরিকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল।
দেশটিতে পেট্রল ও ডিজেলের নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রলের তুলনায় ডিজেলে লিটারপ্রতি দ্বিগুণ আবগারি শুল্ক কমানোয় আসছে রবি মৌসুমের আগে কৃষকদের ব্যাপক সুবিধা হবে।
ভারতজুড়ে সম্প্রতি পেট্রল ও ডিজেলের মূল্য সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বিরোধী দলগুলো এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে।
কয়েকদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটে জ্বালানির দাম বাড়িয়ে সরকার জনগণের ‘পকেট কাটছে’ বলেও অভিযোগ করেছিলেন।
দাম কমানোর আগে ভারতের চারটি মেট্রোপলিটনসহ সব বড় বড় শহরে পেট্রল প্রতি লিটার ১০০ রুপির বেশি দামে বিক্রি হয়েছে। একই অবস্থা ছিল ডিজেলেরও, কেবল দিল্লিতেই এর দাম ছিল খানিকটা কম, ৯৮ দশমিক ৪২ রুপি।
এ কারণে ভারতের বিভিন্ন রাজ্যের সরকার গত কিছুদিন ধরেই পেট্রল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছিল।
আনন্দবাজার পত্রিকা বলছে, সামনে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন; ভোটে জ্বালানির দামের প্রভাব যেন না পড়ে, তাই আগেভাগেই শুল্ক খানিকটা কমিয়ে নিল কেন্দ্রের বিজেপি সরকার।
তবে এরপরও বেশিরভাগ রাজ্যে পেট্রলের দাম ১০০ রুপির উপরেই থাকছে।
পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার থেকে পেট্রল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৪ দশমিক ৬৭ রুপিতে, আগেরদিনও এ দাম ছিল ১১০ রুপির ওপরে। ডিজেল বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৭৭ রুপিতে, যা আগের দিনই ছিল ১০২ রুপির কাছাকাছি।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি এবং জ্বালানির ওপর আরোপিত নানান করের কারণে ভারতেও জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
এখন আবগারি শুল্ক খানিকটা কমানোয় মানুষ বেঁচে যাওয়া অর্থ অন্যত্র খরচ করতে পারবে, ফলে বেচাকেনা বাড়বে এবং মূল্যস্ফীতি কম থাকবে; এতে দরিদ্র ও মধ্যবিত্তদের সুবিধা হবে বলে মনে করছে দেশটির সরকার।
“এই সিদ্ধান্ত পুরো অর্থনৈতিক চক্রকে আরও উদ্দীপ্ত করবে বলেই আশা করা হচ্ছে,” বলা হয়েছে তাদের বিবৃতিতে।



