বাতিল হতে পারে কলকাতার পুরভোট, হাইকোর্ট নির্দেশ দিল সিসিটিভির ফুটেজ সংরক্ষণের
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পুরভোটে তৃণমূল কংগ্রেস বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ও অন্য পদাধিকারীদের নামও ঘোষণা করেছেন। পুরপিতাদের একদফা শপথও হয়ে গেছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সমস্ত বুথের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করার। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ভোটার তালিকা এবং ভোটারদের দেয়া হাতের ছাপ ও প্রিসাইডিং অফিসারদের ডায়েরি কোর্টের কাছে জমা দেয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ছয় জানুয়ারি। উল্লেখ্য, বিজেপি এবং সিপিএম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুরভোটে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে এবং রিগিঙ হয়েছে এই অভিযোগ জানিয়ে।
হিংসার কথাও তারা আদালতকে জানিয়েছে। তাদের আবেদনের ভিত্তিতেই সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
তথ্যভিজ্ঞ মহল, এটিকে নজিরবিহীন বলছেন। তাঁরা মনে করছেন, কলকাতা হাইকোর্ট পুরনির্বাচন বাতিল করতে পারে।
সেক্ষেত্রে বিষয়টি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে তা বলাই বাহুল্য। তবে, তাই হলে এটি হবে বাংলার পক্ষে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরবর্তী দু দফার ভোটে যেন কড়া সতর্ক ব্যবস্থা নেয়া হয়।



