ট্রাফিক পুলিশের ব্যারাকে নারী ধর্ষণ, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নোয়াখালীতে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যারাকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে চারজনের বিরুদ্ধে মামলা করার পর আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালী সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের মো. কামরুল, একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুর হোসেন কালু এবং সদর উপজেলার দাদপুর গ্রামের আবদুল মান্নান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান পাঠান সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ফেনী থেকে মাইজদীতে যান। সেখানে যাওয়ার পর তিনি অর্থ সংকটে পড়েন। তখন তিনি তার পরিচিত সিএনজিচালক কামরুলের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে কামরুল, আবদুল মান্নান ও নুর হোসেন কালু তাকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মুন্সী মকবুল হোসেনের কাছে নিয়ে যান। পরে মকবুল তাকে অফিসের পাশে ব্যারাকে বাবুর্চির রুমে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী নারী পাশের সুধারাম থানা পুলিশকে বিষয়টি জানান।

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে পাঠানো হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button