ইসরায়েলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৫

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিব শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। মঙ্গলবার তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বেনি ব্র্যাকের পথে কালো পোশাক পড়া এক বন্দুকধারীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপরে রাস্তায় এবং একটি গাড়ির লোকদের উপর গুলি চালায়। স্থানীয় অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, হামলাকারীকে নির্মূল করা হয়েছে। তবে তাকে কে গুলি করেছে তা স্পষ্ট নয়।

ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ইসরায়েলের আরব সংখ্যালঘুর সদস্য। পরে অবশ্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের নাগরিক। এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

গত সপ্তাহে হামলায় ইসরায়েলে চারজন নিহত হন। নিরাপত্তা জোরদারের পরও সম্প্রতি ইসরায়েলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান।