গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ইজিবাইকচালককে হত্যার পর ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ এপ্রিল) সকালে ওই চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, আনোয়ার হোসেন প্রতিদিন রাতে তাঁর ইজিবাইকটি জৈনাবাজার-বাঁশবাড়ি সড়কের পাশের একটি টিনের দোকানে রাখতেন। ইজিবাইকের নিরাপত্তার জন্য তিনি নিজেও ওই দোকানের ভেতর থাকতেন। গতকাল রাতে আনোয়ার ইজিবাইকটি রেখে সেখানেই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে সাহ্রির পর স্থানীয় এক নারী দোকানটি খোলা দেখতে পান। দোকানের কাছে গিয়ে তিনি দেখেন ঘরের ভেতর আনোয়ারের লাশ পড়ে আছে। পরে ওই নারী বিষয়টি আশপাশের লোকজনকে জানালে সবাই ঘটনাস্থলে এসে দোকানের সিঁধ কাটা দেখতে পান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।