গাজীপুর সিটির সাবেক মেয়র বিএনপি নেতা অধ্যাপক মান্নান আর নেই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই (ইন্নালিল্লাহি…ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে অধ্যাপক এম এ মান্নানকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

শায়রুল বলেন, ৭২ বছর বয়সী বিএনপির ওই নেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। বিভিন্ন মামলায় তিন বছর জেলে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০১৭ সালে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান। তখন থেকেই তিনি অসুস্থ।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।