জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, সন্দেহভাজন একজন আটক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘কে (৬৭) গুলি করা হয়েছে। এর মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একজন বন্দুকধারী ব্যক্তিকে পেছন থেকে শিনজো আবেকে গুলি করে।

খবর রয়টার্স ও বিবিসি’র।

দেশটির সংবাদমাধ্যম এনএইচকে জানায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নারাতে বক্তৃতা দেওয়ার সময় পিছন থেকে গুলি করা হয়। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি ট্রেন স্টেশনের বাইরে প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আবে। এ সময় গুলির শব্দ শোনা যায় এবং সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত এনএইচকে ‘র একজন রিপোর্টার বলেছেন, আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান তারা।

জাপানের মন্ত্রিপরিষদের সচিব দেশটির স্থানীয় সময় দুপুর ১টায় এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৪২ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।

এক টুইট বার্তা টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো বলেন, আবে ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ অবস্থায় আছেন। জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০০৬ সালে প্রথম দায়িত্ব গ্রহণ করেন আবে। টানা দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে অসুস্থ স্বাস্থ্যের কারণে ২০২০ সালে পদত্যাগ করেন তিনি। তবে দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর এখানো বিশাল প্রভাব রয়েছে তার।

অর্থনৈতিকসহ নানা সংস্কারের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য শিনজো আবে’র শাসনকাল। রাজস্ব আদায় সহজীকরণ করার জন্য তার নীতির ভূমিকা রয়েছে, যাকে ‘অ্যাবেনোমিক্স’ বলা হয়ে থাকে।