মাদক ব্যবসায়ী ভালুকা থানার এসআইসহ পাঁচজন গ্রেপ্তার!

মাদক ব্যবসায়ী ভালুকা থানার এসআইসহ পাঁচজন গ্রেপ্তার!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসায় জড়িত ও সহযোগিতার অভিযোগে পুলিশের এসআই-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), স্থানীয় মো. আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন সেখ (২৬)।

এ ঘটনায় ভালুকা মডেল থানার এসআই ফজিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গত শনিবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার আতিকুর রহমান আতিকের ছেলে মো. আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের সেখের ছেলে খোকন সেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আটককৃতরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কনস্টেবল আব্দুল মান্নানের বাসা থেকে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।