গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাসপোর্ট সেবা পেতে ভোগান্তি লাগবে ২৪ ঘণ্টা সেবা দেয়ার জন্য বিশেষ কল সেন্টার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। এজন্য বিটিআরসি থেকে একটি হেল্প লাইন নম্বর বরাদ্দ নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
ডিআইপির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাপ্রত্যাশীরা দেশের অভ্যন্তরে ১৬৪৪৫ নম্বরে ও বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে। এতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ও ই-পাসপোর্টের আবেদন সংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্য পাবেন সেবাপ্রার্থীরা। কল সেন্টার সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। তথ্য দেওয়ার জন্য প্রতি শিফটে ১৬ জন কল সেন্টার প্রতিনিধি (এজেন্ট) মাইক্রোফোন হাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।
জানা গেছে, পাসপোর্ট হেল্প লাইনে কল করলে সংশ্লিষ্ট টেলিফোন অপারেটর নির্ধারিত কল চার্জ প্রযোজ্য হবে। তবে সরাসরি কল ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে চ্যাটিংয়ের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।