ঢাকায় চালু হচ্ছে নুসুক প্ল্যাটফর্ম, ওমরাহ করা আরও সহজ হবে

ঢাকায় চালু হচ্ছে নুসুক প্ল্যাটফর্ম, ওমরাহ করা আরও সহজ হবে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকায় নুসুক ফ্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা আরও সহজে সৌদি আরবে যাওয়ার কাজ সম্পন্ন করতে পারবেন। সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় নুসুকের একটা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

জানা গেছে, নুসুকের প্ল্যাটফর্ম উদ্বোধন করতে বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ আগস্ট) ঢাকা সফর করবেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নুসুকের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ সোমবার আরব নিউজকে বলেন, বাংলাদেশের ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তি ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। ঢাকায় নুসুকের প্ল্যাটফর্ম উদ্বোধন করতেই এই রোডশোর আয়োজন করা হয়। কারণ বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ পাঁচটির মধ্যে বাংলাদেশ সৌদি আরবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাজার মন্তব্য করে আলদাববাগ বলেন, সৌদি ভিশন-২০৩০ অর্জনের পথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলতি বছরের শুরুতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও নুসুকের ফ্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

চলতি বছর ইতোমধ্যে প্রায় ৩ লাখ ৩২ হাজার মানুষ সৌদি আরব সফর করেছেন, যা দেশটির প্রত্যাশার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি।

চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭ লাখ বাংলাদেশি সৌদি আরব সফর করবেন বলে আশা করা করছে রিয়াদ। ২০৩০ সালের মধ্যে বছরে সৌদি আরব সফরকারী বাংলাদেশির সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

নুসুক হজ, ওমরাহ ও সাধারণ পর্যটকদের সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার একটা প্ল্যাটফর্ম। এতে বিমানের টিকিট, হোটেল ভাড়া ইত্যাদি সব করা যায়। কয়েক বছর আগে এটি চালু করে সৌদি আরব। ঢাকায় এটা চালু হলে তৃতীয় পক্ষে বা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই বাংলাদেশিরা চাইলে হজ, ওমরাহ পালন বা অন্য কোনো কাজে সৌদি আরব সফর করতে পারবেন।

 

সূত্র : আরব নিউজ