ভারতীয় সেনাদের ‘তাড়িয়েই’ দিচ্ছে মালদ্বীপ

ভারতীয় সেনাদের ‘তাড়িয়েই’ দিচ্ছে মালদ্বীপ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে গত শুক্রবার শপথ গ্রহণ করেছেন মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এরপর শনিবার তিনি ঘোষণা দেন, ‘সরকার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তে দেশটির সরকারকে জানিয়েছে।’ 

রোববার (১৯ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুই সরকারের মধ্যে কার্যকর সমাধানে আলোচনা হচ্ছে। মুইজ্জু জানান, শনিবার দিনের শুরুতে তিনি যখন ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তখন তিনি ভারতীয় সেনাদের দেশ ত্যাগের অনুরোধের কথা জানিয়েছেন।

মালদ্বীপে বর্তমানে অন্তত ৭০ জন ভারতীয় সেনা আছেন। নির্বাচনী প্রচারণার সময়ই মুইজ্জুর অন্যতম অঙ্গীকার ছিল, ক্ষমতায় এলে তিনি ভারতীয় সেনাদের দেশ ছাড়া করবেন। তাই ক্ষমতায় আসা মাত্রই তা করতে যাচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে বিবিসিকে মুইজ্জু বলেন, ‘মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বাহিনী অবস্থান করুক, আমরা সেটা চাই না…মালদ্বীপের জনগণকে আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং (ক্ষমতা গ্রহণের) প্রথম দিন থেকেই আমি সেটি পালন করব।’

গত সেপ্টম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করা ডক্টর মোহামেদ মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের চলে যেতে বলার ক্ষেত্রে মোটেও সময় নষ্ট করতে রাজি নন।

ব্লুমবার্গকে চীনপন্থী মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক চাই যা পারস্পরিকভাবে লাভবান হবে।’ তবে ভারতীয় সেনা পত্যাহারের জায়গায় অন্য কোনো দেশের সেনা মোতায়েন করা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

এ নিয়ে মুইজ্জু বলেছেন, আমি এখানে চীন বা যেকোনো দেশকে সেনা মোতায়েন করতে দেব না। মালদ্বীপ দীর্ঘদিন ধরেই ভারতীয় বলয়ে। কিন্তু মুইজ্জুর এ দাবির ফলে দিল্লি ও মালের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মুইজ্জুর বিজয়ী হওয়াকে ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই মালদ্বীপের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ যিনি নির্বাচনে মুইজ্জুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, ভারতের সঙ্গে দেশটির ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন।