গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাগর মিয়া নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিবসহ তার গ্রুপ। আজ বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিব গ্রুপ। এ সময় বাধা দিতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। দু’পক্ষের গোলাগুলিতে অন্তত গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। এর মধ্যে আহত সাগর মিয়াকে
নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশি গ্রেপ্তারসহ আইনি জটিলতা এড়াতে বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছেন স্বজনরা।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম সংবাদ মাধ্যমকে জানান, সোনাকান্দি এবং আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।