পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগ

পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে।

অন্য দিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘তিনি এবং তার বোন গণভবন (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।’

‘তিনি একটি বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা করার সুযোগ পাননি।’

সূত্রের খবর, তার আগে সেনাবাহিনী প্রধানমন্ত্রী হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য সময় বেঁধে দেয়। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে জানা যায়। তার পরেই তিনি ইস্তফা দেন।

কিছুক্ষণ পরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এদিকে বেলা ৩টার দিকে গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার ছাত্র-জনতা। তারা যে যার মতো গণভবন থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। লাখ লাখ মানুষ রাজধানীতে উল্লাস করছেন।