গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।