গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ৫

গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের গাছার ভাড়ারীপাড়া এলাকার একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) কোনবাড়ী ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বুধবার বিকেলে গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো. আকবর হোসেন (৪২), একই জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মো. হাসান মিয়া (৪৫), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের মো. জীবন মিয়া (৩৫), যশোরের মনিরামপুর থানার মহাতব নগর গ্রামের ইস্রাফিল হোসেন নয়ন (২৫), একই জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মো. রাজিব হোসেন (২৪)।

প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, গত ১৫ই অক্টোবর রাতে গাছা থানার ভাড়ারীপাড়া এলাকার ইউরো নিটওয়্যার লিমিটেড নামে কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করেন। বুধবার অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত আকবর হোসেন, জীবন মিয়া ও হাসান মিয়াকে মহানগরের কোনাবাড়ি থানা এলাকা থেকে এবং ইস্রাফিল হোসেন নয়ন ও রাজিব হোসেনকে বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে ৫ হাজার ৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। এ ছাড়া ডাকাতির কাজে কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।