গাজীপুরে বাসচাপায় শিশুসহ দুই যাত্রী নিহত, আহত ৪

গাজীপুরে বাসচাপায় শিশুসহ দুই যাত্রী নিহত, আহত ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে ভিআইপি পরিবহনের বাস চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে শহরের শিববাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছালেও হতাহতদের নাম এবং পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য।

সোমবার সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেট এক্সপ্রেসওয়ে হয়ে চলাচল করা ভিআইপি পরিবহনের দ্রুতগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুপু ঘটনাস্থলে মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন।