কালীগঞ্জে মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল নারগানা এলাকার আব্দুল সালামের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজুলকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে মোবাইল কোর্টে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।