বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ ও কাপাসিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর গ্রামের কৃষক শুকুর আলী (৫৫) ও কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর গ্রামের কৃষক ইফাজ উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর গ্রামের কৃষক শুকুর আলী মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন আলী বলেন, “কৃষক শুকুর আলী বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।”

অপরদিকে, একই দিন কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দিন গরু আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “বজ্রপাতে আহত কৃষক ইফাজ উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।”