নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন মিয়াকে (৪৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সোম বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন মিয়া দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদকের পাইকারি বিক্রেতা হিসেবে পরিচিত। এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে তার কুখ্যাতি রয়েছে। শুধু মাদকই নয়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির চেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ছয়টি মামলার তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও নানা কারণে সে আইনের আওতার বাইরে থেকে যায়। সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা অনেক দিন ধরেই তাকে নজরদারিতে রেখেছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সোম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”