গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘দুর্নীতির’ অভিযোগ থাকায় স্ত্রী-সন্তানসহ গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, গাজীপুরের সাবেক এসপি শফিকুল আলম, তার স্ত্রী জিনিয়া ফারজানা, দুই মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের তরফে আবেদন করা হয়।
শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, শফিকুল আলমের বিরুদ্ধে ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির’ অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানের সময় জানা যায়, শফিকুল আলম ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। সে কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে মনে করছে দুদক।