ভারতে ভয়ংকর রূপে ফিরল করোনা!

ভারতে ভয়ংকর রূপে ফিরল করোনা!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৬৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে। এর পরের ২ বছরেও ৪ লাখের বেশি মানুষ মারা যান এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। এবার আবারও ভারতে ভয়ংকর রূপে ফিরে এসেছে করোনা। মাত্র চার দিনেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া দেখা মিলেছে ভাইরাসটির চারটি নতুন সাব-ভ্যারিয়েন্টের।

শনিবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ মে পর্যন্ত ভারতে মোট ১ হাজার ১০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য দেখাচ্ছে, ৩০ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছে গেছে। অর্থাৎ চারদিনেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০০ জন।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেকর্ড মতে, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। এর পরের অবস্থানেই আছে মহারাষ্ট্র এবং দিল্লি। ৩০ মে পর্যন্ত কেরালায় ১ হাজার ১৪৭, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪, এবং গুজরাটে ২২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১৪৮, কর্ণাটকে ১৪৮ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া রাজস্থানে ৫১ জন, উত্তরপ্রদেশে ৪২ জন, পুদুচেরিতে ২৫ জনসহ হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়ায়ও করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও সংক্রমণের খবর পাওয়া গেছে।

শুধু সংক্রমণই নয় সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লিতে মারা যাওয়া দুজনের শরীরে করোনার পাশাপাশি অন্যান্য গুরুতর রোগের অস্তিত্ব পাওয়া গেছে।

তবে ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারাদের দাবি, করোনাভাইরাসের সাম্প্রতিক ঘটনাগুলো হালকা প্রকৃতির এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) মহাপরিচালক ড. রাজীব বাহল বলেন, করোনার নতুন এ রূপটি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমাদের কেবল সতর্ক থাকতে হবে। সরকার এবং সমস্ত সংস্থা কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে। আমার মতে প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা এখনই বাড়তি সতর্কতার কথা বলছি না। সূত্র: এনডিটিভি