এবার মাস্কের স্টারলিঙ্ককে ভারতে ব্যবসা করার লাইসেন্স দিল সরকার

এবার মাস্কের স্টারলিঙ্ককে ভারতে ব্যবসা করার লাইসেন্স দিল সরকার

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ তিন বছর পরে ভারত সরকার ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ককে ভারতে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে , ভারতের টেলিকম মন্ত্রক মাস্কের সংস্থাকে ভারতে ব্যবসা করার লাইসেন্স দিয়েছে। ২০২২ সাল থেকে এই লাইসেন্সের জন্য সংস্থাটি অপেক্ষা করছিল। তবে ভারত সরকার বা মাস্কের সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম তথা ইন্টারনেট প্রদানকারী সংস্থা এয়ারটেল এবং রিলায়্যান্স জিয়ো-র সঙ্গে ইতিমধ্যে স্টারলিঙ্ক চুক্তি করেছে। ভারতের বাজারে স্টারলিঙ্কের ইন্টারনেট আনার জন্য গত মার্চে মাস্কের স্পেসএক্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল এয়ারটেল। পরে মুকেশ অম্বানীর জিও একই চুক্তি করে। তবে তখনই বলা হয়েছিল ভারত সরকার অনুমতি দিলে তবেই স্টারলিঙ্কের ইন্টারনেট এ দেশে ব্যবহার করবে এয়ারটেল বা জিয়ো।

ভারতের বাজারে স্টারলিঙ্ক ব্যবসা শুরু করলে ইন্টারনেট পরিষেবা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে স্টারলিঙ্কের অধীনে রয়েছে ৬,৭৫০টি স্যাটেলাইট। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবহার করেন।