লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যুক্তরাজ্যে সফরে যাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ১৩ জুন (শুক্রবার) সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অভিজাত হোটেলে হবে হাই ভোল্টেজ কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে, শিডিউল সেভাবেই ঠিক হয়েছে।

সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে এই বৈঠকে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ জুন) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সূত্র জানিয়েছে ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সাক্ষাতের যে আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এজন্য এই সফরে ড. ইউনূসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।