সিএনএন : ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা কতটা ক্ষতি করেছে – তা নিয়ে বৃহস্পতিবার এক বহুল প্রতীক্ষিত গোপন ব্রিফিং শেষে মার্কিন সিনেটরদের মধ্যে তীব্র মতভেদ দেখা গেছে।
অনেক রিপাবলিকান সিনেটর দাবি করেছেন, এই হামলার ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কয়েক বছর পিছিয়ে গেছে। তবে কিছু ডেমোক্র্যাট সিনেটর বলছেন, ইরানকে বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।
প্রথমিক প্রতিরক্ষা গোয়েন্দা মূল্যায়ন অনুসারে, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করেনি এবং তা মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে” দেখা যাচ্ছে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা “সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে” এবং তা পুনর্নির্মাণে “বছরের পর বছর সময় লাগবে।”
তবে এই মূল্যায়ন সিআইএ’র আনুষ্ঠানিক মত, নাকি র্যাটক্লিফের নিজস্ব ব্যাখ্যা – তা পরিষ্কার নয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রায়ই কাঁচা তথ্যের ব্যাখ্যায় একমত হয় না। পুরো পরিস্থিতি নিয়ে এখনো বিশ্লেষণ চলছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণভাবে ধ্বংস” হয়েছে। কিন্তু ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, “আমার কাছে মনে হচ্ছে, ইরানকে মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে। প্রেসিডেন্ট সত্য বলেননি।” তিনি বলেন, “ইরান এখনো উল্লেখযোগ্য পরিমাণ সক্ষমতা ধরে রেখেছে।”
সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, “ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক মজুদ পুরোপুরি ধ্বংস হয়েছে। কিন্তু আজকের ব্রিফিংয়ে আমি তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাইনি।”
এদিন সিনেটরদের ব্রিফ করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং সিআইএ পরিচালক র্যাটক্লিফ। হাউস সদস্যদের শুক্রবার ব্রিফিং দেওয়া হবে।
রিপাবলিকানদের দাবি: “সম্পূর্ণ ধ্বংস”
ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, “এই হামলায় ওদের (ইরানের) সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দীর্ঘ সময়ে কেউ এসব ব্যবহার করতে পারবে না।”
মিসৌরির সিনেটর জোশ হাওলি বলেন, “আমার মনে হয়েছে এই মিশনে যা উদ্দেশ্য ছিল, তা সফল হয়েছে।”
টেক্সাসের সিনেটর জন করনিন বলেন, “আমি মনে করি মিশনের লক্ষ্য অর্জিত হয়েছে। তবে ‘ধ্বংস’ শব্দের মানে ব্যাখ্যার উপর নির্ভর করে।”
ফ্লোরিডার সিনেটর রিক স্কট বলেন, “সবকিছু নির্ভর করছে আপনি ‘ধ্বংস’ বলতে কী বোঝান তার উপর। আমি শুধু বলব, সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে।”
সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান টম কটন দাবি করেন, “এই হামলা বিশ্বকে ইরানি পারমাণবিক হুমকি থেকে বছরের পর বছর সুরক্ষা দেবে।” তিনি বলেন, “আমি বিশ্বাস করি ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে।”
তবে এই মন্তব্যগুলো মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (DIA) প্রাথমিক বিশ্লেষণের সঙ্গে সাংঘর্ষিক। সিএনএন জানায়, চূড়ান্ত ‘ব্যাটল ড্যামেজ অ্যাসেসমেন্ট’ পেতে আরও কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে। প্রথমিক রিপোর্টটি হামলার ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা হয়েছিল এবং এতে কম আত্মবিশ্বাস ছিল।
ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া: “মূল্যায়ন অসম্পূর্ণ”
ডেলাওয়ারের সিনেটর ক্রিস কুনস বলেন, “এই ব্রিফিং ছিল গঠনমূলক, তবে এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। চূড়ান্ত মূল্যায়ন পেলে আরো পরিষ্কার হবে।” তিনি বলেন, “এখনই বলা কঠিন, কী ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে কত সময় লাগবে।”
সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার বলেন, “নিশ্চয়ই কিছু ক্ষতি হয়েছে। কিন্তু চূড়ান্ত মূল্যায়ন পেতে সময় লাগবে।” তিনি ট্রাম্পের আগেভাগে ‘সম্পূর্ণ ধ্বংস’-এর মন্তব্য নিয়ে উদ্বেগ জানান, “এই ধরনের মন্তব্য জনমনে মিথ্যা নিরাপত্তাবোধ তৈরি করতে পারে।”
সর্বশেষে, সিআইএ জানিয়েছে, তারা এখনো তথ্য সংগ্রহ করছে এবং তা সিদ্ধান্ত গ্রহণকারী ও সংসদীয় সংস্থাগুলোর কাছে পৌঁছে দেবে।