যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। এদের প্রত্যেকেই কারাগারে অন্তত ২০ বছর কারাদণ্ড ভোগ করেছেন। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) প্রিজনস জান্নাত-উল-ফরহাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ২০ বছর সাজা ভোগকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

‘টুয়েন্টি ইয়ারস রুল’ অনুযায়ী, যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং রেয়াতসহ অন্তত ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির ক্ষমার অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সুযোগ থাকে।

কারা সূত্রে জানা যায়, এই বন্দিরা শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ রাখার পরই নিয়ম অনুযায়ী মুক্তি পেলেন। এই পদক্ষেপকে মানবিকতা ও পুনর্বাসনের নীতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দীর্ঘমেয়াদী বন্দিজীবন শেষে সংশোধিত বন্দিদের মুক্তি সামাজিক পুনঃসম্পৃক্তির সুযোগ সৃষ্টি করে। এছাড়া, কারাগারের অতিরিক্ত চাপ কমাতেও এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।