গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি এবং সেটি তিনি নিজেও জানেন না।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। সকালে একবার বলেছি, আমি আপনাদের জানাবো। দুই মাস আগে ডিটেইলস জানিয়ে দেবো—কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন জমা হবে, সব কিছু। সুতরাং একটু ধৈর্য ধরুন। সময়মতো সবাই জানতে পারবেন।”
সভায় সিইসি জানান, নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রস্তুতি চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের ভাবমূর্তি বিগত সময়গুলোতে ক্ষুণ্ন হয়েছে, আর এই নির্বাচন সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।
তার ভাষায়, “পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সবচেয়ে বড় সুযোগ। আমি করজোড়ে আবেদন জানাই—আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন, আমরা পারি।”
তিনি আরও বলেন, “৯১, ৯৬ ও ২০০১ সালের মতোই এবারও আমরা প্রমাণ করতে চাই, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমাদের সেই সক্ষমতা আছে।”
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সিইসি বলেন, “পজিটিভ শিরোনাম দিলে মানুষ পড়ে না, নেগেটিভ হলে সবাই আগ্রহ করে পড়ে। তাই আমরা চাই, আপনারা আমাদের সচেতনতা কার্যক্রমে অংশ নিন। আমাদের পরিকল্পনা আছে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করার, এবং ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করবো।”
সিইসি জানান, নির্বাচন নিয়ে জনসচেতনতা তৈরির জন্য কমিশনের বিশেষ ক্যাম্পেইন চলবে, যেখানে গণমাধ্যমকে ‘পার্টনার’ হিসেবে যুক্ত করা হবে।