গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্যমতে, গত ১০ দিনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩৬.৪ শতাংশ। গত ৩ জুলাই যেখানে ২ হাজার ২৩৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, সেখানে গতকাল রোববার তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৭ টিইইউএস।
নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এ অগ্রগতি দেখা গেলো।
রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে।
পোস্টে বলা হয়, ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।
আরও বলা হয়, ১ জুলাই থেকে ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সেখানে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এই অগ্রগতিকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা মানসম্মত পরিষেবা আশা করি। চট্টগ্রাম ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর দৈনিক কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক লক্ষণ। বন্দরের উন্নত দক্ষতা ব্যবসায়িক খরচ কমাতে ভূমিকা রাখবে।’
এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত রোববার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সোমবার (৭ জুলাই) টার্মিনালের দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।