গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। আদালত চার্জশিট আমলে নিয়ে দণ্ডবিধির ১২১/১২১(ক)/১২৪(ক) ধারায় সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক চার্জশিট দাখিল করেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
আদালতের পেশকার মো. জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।
২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন তদন্ত কর্মকর্তা মো. এনামুল হক। পরে সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি তদন্ত পরিচালনা করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেন শেখ হাসিনাসহ কয়েকজন। এ সময় তিনি দেশবিরোধী বক্তব্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। পরে এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



