গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার। তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।
নিজের সমর্থকদের আবু বাকের মজুমদারকে ভোট দিতে অনুরোধ জানিয়েছেন জিএস প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
মাহিন সরকারের ভাষ্য, গণঅভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তার এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন।
তিনি বলেন, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও আমার কাছে সবসময়ই মনে হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে যে কারও চেয়ে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে।
এ সময় তিনি নিজের সমর্থকদের উদ্দেশ করে বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।