সাময়িক বরখাস্ত হলেন গাজীপুরের কমিশনার নাজমুল করিম

সাময়িক বরখাস্ত হলেন গাজীপুরের কমিশনার নাজমুল করিম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে যাতায়াতের ঘটনায় প্রত্যাহারের দুই মাস পর এবার সাময়িক বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বরাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশের-জিএমপি কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

গত ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক আদেশে জিএমপি কমিশনার নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল করিম খান পুলিশ সুপার থাকার সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে চাকরি ফিরে পান তিনি।

এরপর দ্রুত দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন নাজমুল। ২০২৪ সালের ১১ নভেম্বর তাকে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।

এ নিয়ে সমালোচনার মধ্যে ২ সেপ্টেম্বর জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয় নাজমুল করিম খানকে।