কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা : কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটির সব আসন পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, বক্তারপুর এলাকায় সমাহার কারখানার পাশেই ইতিহাস পরিবহনের বাসগুলো রাত্রীযাপন করে। প্রতিদিন এসব বাস চন্দ্রা থেকে মিরপুর রুটে চলাচল করে। বৃহস্পতিবার দিনের ট্রিপ শেষে রাত প্রায় ১০টার দিকে বাসটি সেখানে পার্ক করা হয়। গভীর রাতে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে বাসে উঠে আসনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন দেখে ছুটে এসে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইতিহাস পরিবহনের কর্মী মনির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, তিনি পাশের আরেকটি বাসে ঘুমিয়ে ছিলেন। “হঠাৎ দেখি দুটি মোটরসাইকেল এসে থামে। চারজন যুবক বাসে ঢুকে আগুন লাগিয়ে মুহূর্তেই সরে যায়,” জানান তিনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের সব আসন পুড়ে গেছে।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।